মির্জাপুরে আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেপ্তার

ঢাকা দেশ জুড়ে

টাঙ্গাইলের মির্জাপুরে শওকত হোসেন ফালু নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও ছররা গুলি ছোড়ে।

ঘটনায় আন্দোলনে অংশ নেওয়া হিমেল নামে এক ব্যক্তি দুই চোখে আঘাত পেয়ে দৃষ্টিশক্তি হারান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে মামলা করেন। মামলায় পুলিশ, সংবাদকর্মীসহ আওয়ামী লীগের ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার এজাহারভুক্ত আসামি ফালু মামলায় শওকত হোসেন ফালু এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। তিনি গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য। ফালু উপজেলার নাজিরপাড়া গ্রামের সুরুজ বেপারীর ছেলে।

মামলার বাদী নাছিমা বেগমের ছেলে হিমেল মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ যা বলছে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার এজাহারভুক্ত আসামি শওকত হোসেন ফালুকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হিমেলের মা নাছিমা বেগমের দায়ের করা মামলায় শওকত হোসেন ফালুকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে মঙ্গলবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।