শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

জাতীয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে এসব কমিটি কাজ করবে।

তবে কমিটিগুলো কবে নাগাদ গঠন করা হবে এবং এতে কারা থাকবেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিটির কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসিক ভিত্তিতে প্রতিবেদন সংগ্রহ করবে। পরে এসব প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে জমা দেওয়ার কথা রয়েছে।

এর আগে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছিল।