পুলিশে ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশে ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

পুলিশের কিছু সদস্য এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাহসিকতা, সেবায় অবদান, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পদক দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষকে যারা হত্যা করেছে, তারা দেশের বাইরে থেকে মাঝেমধ্যে হুমকি দিচ্ছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোরভাবে তা মোকাবিলা করা হবে বলে জানান তিনি।

পুলিশের সদস্যদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ যদি ফ্যাসিবাদী আওয়ামী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সরবরাহ বা তাদের সহযোগিতা করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যারা এ ধরনের ব্যক্তিদের আইনের আওতায় আনতে সহযোগিতা করবেন, তাদের পুরস্কৃত করার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাইবার অপরাধ মোকাবিলায় আগামী সপ্তাহে আলাদা একটি সাইবার ইউনিট গঠন করা হবে। একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে নতুন ইউনিটটি কাজ করবে বলে জানান তিনি।

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সাহস, সততা ও নিষ্ঠার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের পুলিশ পদকে বিপিএম, বিপিএম-সেবা, পিপিএম ও পিপিএম-সেবা—এই চার ক্যাটাগরিতে মোট ৯২ জনকে নির্বাচিত করা হয়েছে। ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের কর্মদক্ষতা, সাহসিকতা, সেবার মান, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও উদ্ভাবনী কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে তাদের নির্বাচন করা হয়।