রাজধানী ঢাকা মহানগরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে বহুল প্রতীক্ষিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার তাগিদ দেন।
প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা দ্রুত চিহ্নিত করে সমাধান করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা, কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
উচ্চপর্যায়ের এই পর্যালোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
