‘ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়ন’ নিয়ে ক্ষোভ, জুনিয়র এনটিআরের পাশে বিজয়

‘ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়ন’ নিয়ে ক্ষোভ, জুনিয়র এনটিআরের পাশে বিজয়

বিনোদন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে তৈরি বিকৃত ছবি ও ভিডিও নিয়ে একের পর এক তারকা আইনি পদক্ষেপের পথে হাঁটছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন তেলেগু সিনেমার জনপ্রিয় সুপারস্টার জুনিয়র এনটিআর।

‘দেবরা: পার্ট ১’ সিনেমায় অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে তাঁর অভিনীত জনপ্রিয় গান ‘চুট্টামাল্লে’র একটি দৃশ্য এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে ছড়িয়ে দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতা। একই সঙ্গে এর পেছনে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনটিআর।

ভিডিওটি যেন কেউ না দেখেন বা শেয়ার না করেন—সেই অনুরোধ জানিয়ে জুনিয়র এনটিআর বলেন, “এআইয়ের এমন অপব্যবহার বন্ধে কঠোর আইন প্রণয়ন জরুরি।” এই সামাজিক ‘ব্যাধি’ চিরতরে নির্মূল করতে ভারত সরকার ও রাজ্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জুনিয়র এনটিআরের এই আইনি লড়াইয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ঘটনাটিকে ‘ডিজিটাল সেক্সুয়াল অ্যাসল্ট’ বা ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়ন হিসেবে অভিহিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বিজয় দেবেরাকোন্ডা লেখেন, “অত্যন্ত নিম্নরুচির পরিচয় দেওয়া হয়েছে। আমরা একে অপরের প্রতি এতটা অসংবেদনশীল হয়ে গেলাম কবে?” প্রযুক্তিকে এভাবে অপব্যবহার করার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে অভিভাবকত্ব ও সমাজের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি।

তিনি আরও জোর দিয়ে বলেন, কারও ভাবমূর্তি নষ্ট করে এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনকে দ্রুত এবং কঠোরতম আইনি পদক্ষেপ নেওয়া উচিত।