নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন, বোস কেবিনের চা খেলেন মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন, বোস কেবিনের চা খেলেন মার্কিন রাষ্ট্রদূত

দেশ জুড়ে বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পূজামণ্ডপে গিয়ে তিনি এর সাজসজ্জা ও হিন্দু সম্প্রদায়ের আতিথেয়তায় মুগ্ধ হন। এ সময় তিনি সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় অর্চনা একাডেমির আয়োজনে শিশু-কিশোরদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে শুভেচ্ছা বক্তব্যে তিনি দুর্গোৎসবের আনন্দ উদ্‌যাপনে তাঁকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান।

নিজের অনুভূতি প্রকাশ করে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “আমি এমন একটি স্থানে আসতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত আসেননি। এখানকার চমৎকার সাজসজ্জা এবং আপনাদের অসাধারণ আতিথেয়তায় আমি ভীষণ মুগ্ধ। আমাকে আপনাদের পূজা উদ্‌যাপনের অংশ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা এবং হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

বোস কেবিনে সস্ত্রীক চা পান

আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনের আগে মার্কিন রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ নগরীর সনাতনলেন সড়কে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী বোস কেবিনে যান। সেখানে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে চা পান করেন।

এ ছাড়া সোমবার সকালে তিনি সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন। এসব ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন মার্কিন রাষ্ট্রদূত।