১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, পেছনে ছুটলেন বৃদ্ধ

১২ সেকেন্ডে ব্যাগ ছি’ন’তা’ই, পেছনে ছুটলেন বৃদ্ধ

চট্টগ্রাম দেশ জুড়ে

চট্টগ্রাম নগরের বিবিরহাট কাঁচাবাজার এলাকায় এক বৃদ্ধের গলায় ঝোলানো ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়েছেন দুই ব্যক্তি। অটোরিকশায় করে পালানোর আগে পুরো ঘটনাটি ঘটেছে মাত্র ১২ সেকেন্ডে। ছিনতাইয়ের এ দৃশ্য ধরা পড়েছে এলাকার একটি সিসিটিভি ক্যামেরায়।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিবিরহাট কাঁচাবাজারের ১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গলায় ব্যাগ ঝুলিয়ে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক বৃদ্ধ। এ সময় সামনে থেকে দুই ব্যক্তি তাঁর দিকে এগিয়ে আসেন। তাঁদের পেছনে ছিল একটি অটোরিকশা। বৃদ্ধের কাছাকাছি পৌঁছেই ওই দুই ব্যক্তি তাঁর গলার ব্যাগ ধরে টান দেন। ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিকশায় উঠে পালিয়ে যান তাঁরা। এ সময় ব্যাগ উদ্ধারের আশায় তাঁদের পেছনে ছুটতে দেখা যায় বৃদ্ধকে।

শনিবার বেলা দেড়টা পর্যন্ত ভুক্তভোগী বৃদ্ধের পরিচয় জানতে পারেনি পুলিশ। তাঁর ব্যাগে কী ছিল, সেটিও জানা যায়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়েছে পাঁচলাইশ থানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ

ফেসবুকের ‘যোদ্ধা’ নামের একটি পেজ থেকে ছিনতাইয়ের ভিডিওটি শেয়ার করা হয়। শনিবার বেলা দেড়টা পর্যন্ত ভিডিওটির মন্তব্যে অনেকে গলির ভেতরে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সাধারণ পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।

জান্নাতুল ফেরদৌস নামের এক নারী মন্তব্য করেন, ‘আমাদের গলিতে যদি এমন হয়, আমরা কীভাবে নিরাপদ থাকব।’

শাহেদ হোসাইন নামের একজন ব্যাটারিচালিত রিকশার ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ছালেহ নূর সুজন নামের আরেক ব্যবহারকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।

বৃদ্ধ ও ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা

বিবিরহাট এলাকাটি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার আওতাধীন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, তিনি সিসিটিভি ফুটেজটি দেখেছেন। এরপর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তিনিও সেখানে যাচ্ছেন।

ওসি জানান, ভুক্তভোগী বৃদ্ধ ও ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি।