ট্রাম্পের রিসোর্টের কাছে প্রাইভেট জেট বিধ্বস্ত, নিহত ৯

ট্রাম্পের রিসোর্টের কাছে প্রাইভেট জেট বি’ধ্বস্ত, নি’হ’ত ৯

আন্তর্জাতিক দুর্ঘটনা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের কাছেই একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় বিমানটিতে থাকা পাইলটসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। তবে মাটিতে থাকা কেউ হতাহত হননি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে বিমানটি মাঝ-আকাশে তীব্র টারবুলেন্সসহ বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয়। শেষ মুহূর্তে দ্রুত উচ্চতা হারিয়ে ভূপৃষ্ঠে আছড়ে পড়ে বিমানটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা গাড়ির ড্যাশক্যামের ফুটেজে দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য দেখা গেছে। এতে লিয়ারজেট ৬০ মডেলের একটি বিজনেস জেটকে প্রথমে ১০ হাজার, পরে ২০ হাজার এবং শেষ মুহূর্তে প্রতি মিনিটে প্রায় ৩০ হাজার ফুট উচ্চতা হারিয়ে মাটিতে আছড়ে পড়তে দেখা যায়।

দুর্ঘটনাস্থলটি ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের খুব কাছেই।

টেক্সাস থেকে বাহামাস যাওয়ার পথে দুর্ঘটনা

স্থানীয় সময় বেলা ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এন৭২২বিডি ফ্লাইটটি টেক্সাস থেকে উড্ডয়ন করে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল।

মাঝ-আকাশে হঠাৎ তীব্র টারবুলেন্সের মুখে পড়ে বিমানটি। এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমানের বিভিন্ন অংশে বরফ জমে যাওয়ার বিষয়েও জানানো হয়। এরপর বিমানটি আরও উচ্চতায় ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে ধাবিত হয়।

দুর্ঘটনাকে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার সঙ্গে তুলনা

ফ্লোরিডার গভর্নর রন দেসান্তিস দুর্ঘটনাটিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ঘটনাটি দেখে মনে হচ্ছিল যেন কোনো ক্ষেপণাস্ত্র নিচে আছড়ে পড়েছে।

দুর্ঘটনার পর বিমানটির ধ্বংসাবশেষ বড় একটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান গভর্নর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করবে।

দুর্ঘটনার সময় ফ্লোরিডায় ছিলেন না ট্রাম্প

বিধ্বস্ত বিমানটিতে পাইলটসহ মোট ৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই প্রাণ হারান। তবে ঘটনাস্থলের আশপাশে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি। দুর্ঘটনার দিন সকালে ফ্লোরিডায় ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগেই তিনি রাজ্যটি ত্যাগ করেন।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই ফ্লোরিডায় ঝড়-বৃষ্টিপ্রবণ আবহাওয়া বিরাজ করছে। দুর্ঘটনার সময়ও ওই এলাকায় বজ্রপাত ও ঝড়ের খবর পাওয়া যায়। প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার পেছনে কোনো ভূমিকা রেখেছে কি না, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।