ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ৩০ জন আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
বুধবার (৪ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান। আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (২ নভেম্বর) জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামের একটি স্কুল ভবনে কয়েকটি বোমা হামলা চালায় রুশ বাহিনী। ভবনটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে সহায়তা বিতরণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
ইউক্রেনের দাবি, প্রথম দফা হামলার পর স্থানীয় বাসিন্দারা ভবনের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। এ সময় সেখানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।
হামলায় নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা ও উদ্ধারকারী দলের দুই সদস্য রয়েছেন। নিহত কয়েকজনের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
