সিরিয়া ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছে। পাশাপাশি সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়নে ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি ঋণ দেওয়ার চুক্তি করেছে সৌদি আরব। বুধবার (৪ নভেম্বর) সৌদি রাজধানী রিয়াদে দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এসব চুক্তি সই হয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে চুক্তিগুলো সই হয়।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে উল্লেখ করেছে। তবে চুক্তির বিস্তারিত বিষয় এখনো প্রকাশ করা হয়নি।
রিয়াদে বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বৈঠকে সামরিক উত্তেজনা, আন্তর্জাতিক নৌ চলাচল, জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতির পরিস্থিতি উঠে আসে।
এ সময় আঞ্চলিক উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান দুই নেতা। পাশাপাশি লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করে—এমন কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান তারা।
এর আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছিলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া।
গত শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত মানামা ডায়ালগ সম্মেলনে তিনি বলেন, মক্কা জোটে সিরিয়ার যোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
