ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২০ মিলিয়ন বা ২ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাকে প্রয়োজনে অন্য কোনো দেশে পুনর্বাসনের সুযোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত ৯০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম প্রয়োজন হয়। দেশটির দাবি, ইরান সেই পর্যায়ে পৌঁছানোর কাছাকাছি অবস্থানে রয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, পারমাণবিক অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে ইরানই একমাত্র রাষ্ট্র, যারা ইউরেনিয়াম এত উচ্চমাত্রায় সমৃদ্ধ করছে।
এ ছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা-সংক্রান্ত বাধ্যবাধকতা মেনে চলতেও ইরান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে এ পুরস্কার ও পুনর্বাসনের প্রস্তাব সামনে এলো।
