জাতীয় ঐক্য থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: তারেক রহমান

জাতীয় ঐক্য থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: তারেক রহমান

জাতীয় রাজনীতি

জাতীয় ঐক্য বজায় থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে কেউ যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে জন্য জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের এই দিনটি ছিল শত্রু-মিত্র চেনার দিন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যেভাবে দেশের স্বাধীনতা রক্ষা করেছে, একইভাবে ১৯৭৫ সালে সিপাহি-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল। তাঁর ভাষায়, ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালের আন্দোলন ছিল স্বাধীনতা রক্ষার। ৭ নভেম্বরের নায়ক ছিলেন দেশপ্রেমিক সিপাহি-জনতা।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, একইভাবে তিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনেও দেশের পক্ষে লড়াই করেছিলেন।

সরকারপ্রধান আরও বলেন, যারা বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল এবং দেশের সশস্ত্র বাহিনীর গৌরব ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করেছিল, সিপাহি-জনতা তাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করেছিল। তবে ষড়যন্ত্র থেমে থাকেনি। পরবর্তী সময়ে মহাজোটের মাধ্যমে পিলখানায় সেনা হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ঘটনাও ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আর্মি স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।