দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭৭ শিশুর।
গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৪২ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করছে।
