পঞ্চগড়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

পঞ্চগড়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

দুর্ঘটনা দেশ জুড়ে

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাকোয়া শাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সায়মন ইসলাম সাদিক (১৬) ও রেদওয়ানুল হোসেন রাহাত (১৮)। গুরুতর আহত ফজলে রাব্বি শাহ (১৭) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাদিক, রাহাত ও ফজলে রাব্বি। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছে সড়কের মোড় নিতে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত ফজলে রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।