কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ডই বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলটি কোনো কর্মকাণ্ড পরিচালনা করলে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
রোববার (১৫ নভেম্বর) সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে, যাতে আওয়ামী লীগ আর কোনো বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে। এ বিষয়ে জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সতর্ক ও সজাগ রয়েছেন।
এ সময় আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের গ্রেপ্তারের বিষয়ে জানতে চান সাংবাদিকেরা।
জবাবে রিজভী বলেন, সব চক্রান্তকারীর বিষয়ে বর্তমান সরকার সতর্ক রয়েছে। চট্টগ্রামের ওই পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তাদের তৎপরতা থেমে নেই বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তাঁর অভিযোগ, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে নানা কৌশলে অরাজকতা সৃষ্টি করছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ, কোথাও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছে। পোশাকশিল্পেও অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।
শেখ হাসিনার অনুসারীরা দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্ন ধরনের অরাজকতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, তাদের মালিকানাধীন পোশাক কারখানাগুলোতে এসব কর্মকাণ্ড হচ্ছে এবং শ্রমিকদের কারখানায় আসতে বাধা দেওয়া হচ্ছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে এসব পরিস্থিতি সামাল দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, চিহ্নিত দুষ্কৃতকারীরা দেশের স্বার্থ বিসর্জন দিয়েও নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়।
