২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যু নেই, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৭ শিশু

২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যু নেই, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৭ শিশু

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়নি। তবে এ সময়ে নতুন করে ১ হাজার ৪১৭ শিশুর হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা শূন্য। তবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩২১ শিশুর মধ্যে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৩১৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ২৩২।

এ সময়ে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২২ হাজার ১৯ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।