মহাকাশে পারমাণবিক অস্ত্র বসানোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে, উদ্বিগ্ন ন্যাটো

মহাকাশে পারমাণবিক অস্ত্র বসানোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে, উদ্বিগ্ন ন্যাটো

আন্তর্জাতিক

মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে রাশিয়া—এমন অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপে। সম্ভাব্য হুমকি মোকাবিলায় ন্যাটোর প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। তবে রাশিয়া এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

বার্লিনে এক সংবাদ সম্মেলনে মার্ক রুটে বলেন, ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি সুরক্ষিত রাখতে জোটটি সবসময় প্রস্তুত। মহাকাশের নিরাপত্তাও এর আওতাভুক্ত। সামরিক ক্ষেত্রে প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়মিত মূল্যায়ন করবে ন্যাটো এবং প্রয়োজন অনুযায়ী সেগুলোতে পরিবর্তন আনা হবে। তিনি আরও বলেন, যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ন্যাটোর হাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সর্বশেষ প্রতিবেদনগুলো তিনি দেখেননি। তবে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এসব খবরকে গুরুত্ব দেওয়ার মতো বলে মনে করেন না তিনি।

বার্লিনে রুশ দূতাবাসও জার্মান সংবাদমাধ্যমগুলোর কাছে পাঠানো বক্তব্যে অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। দূতাবাসের দাবি, এসব প্রতিবেদন একটি প্রচারাভিযানের অংশ।
রাশিয়ার স্যাটেলাইট নিয়ে উদ্বেগ
জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং সংবাদপত্র জুডডয়েচে সাইটুংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সম্ভাব্য স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’। নাম প্রকাশে অনিচ্ছুক জার্মান সামরিক ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্যাটেলাইটটিতে পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, এই স্যাটেলাইট ব্যবহার করে অন্য স্যাটেলাইটের কার্যক্রম ব্যাহত করা কিংবা সেগুলো ধ্বংস করার সক্ষমতা থাকতে পারে। বিশেষ করে সামরিক যোগাযোগ ও নজরদারির কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্যাটেলাইটগুলো সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে পারে।

বার্লিনের সংবাদ সম্মেলনে মার্ক রুটের পাশে উপস্থিত ছিলেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। রাশিয়ার এমন পরিকল্পনার খবর তিনি নিশ্চিত বা অস্বীকার করেননি। তবে তাঁর মতে, এসব প্রতিবেদন থেকে বোঝা যায়, উত্তেজনা বৃদ্ধির পথে রাশিয়া কতটা এগোতে প্রস্তুত। মের্ৎস বলেন, মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। তবে বিষয়টি এখনো সমানভাবে উদ্বেগজনক।

এর আগে জার্মান সরকারের এক মুখপাত্রও প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তবে কাল্পনিক হুমকি নিয়ে অতিরিক্ত উদ্বেগ ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রধান জোসেফ আশবাখার মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সম্ভাবনাকে ‘চূড়ান্ত দুঃস্বপ্নের পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাট।
মহাকাশে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের আন্তর্জাতিক চুক্তি
১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি বা মহাকাশ চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রাশিয়াও রয়েছে। এই চুক্তিতে পৃথিবীর কক্ষপথে গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন নিষিদ্ধ করা হয়েছে। তবে মহাকাশে অন্যান্য ধরনের সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের স্যাটেলাইটকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা নিয়েও কাজ করছে। সামরিক যোগাযোগ, নজরদারি ও নেভিগেশনের ক্ষেত্রে এসব স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, রাশিয়া পারমাণবিক ওয়ারহেডযুক্ত মহাকাশভিত্তিক স্যাটেলাইটবিধ্বংসী অস্ত্র তৈরি করছে। তবে মস্কো ওই অভিযোগ প্রত্যাখ্যান করে। সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরোধিতা করে আসছে রাশিয়া এবং এ বিষয়ে দেশটির অবস্থান অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক জানান, পৃথিবীর কক্ষপথে যুক্তরাষ্ট্রের ‘অন-অরবিট স্পেস-কন্ট্রোল উইপনস’ বা মহাকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সক্ষমতাসম্পন্ন অস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।

যুক্তরাষ্ট্রের ওই ঘোষণার প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মহাকাশ সব ধরনের অস্ত্রমুক্ত থাকা উচিত।