২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা

অর্থনীতি

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এ দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে বুধবার (২৫ নভেম্বর) স্বর্ণের দাম কমিয়েছিল সংগঠনটি।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

স্বর্ণের পাশাপাশি রূপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রূপার দাম ২৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার দাম ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।