সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতপার্থক্য থাকবে। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব না ফেলে। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা খাপ খাওয়াতে না পারলে সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না।
তিনি আরও বলেন, দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ জরুরি। পাশাপাশি কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করা এখন সময়ের দাবি। তাঁর অভিযোগ, ফ্যাসিবাদের আমলে অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছিল।
অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
