ডাকসু নির্বাচনে জয়ী সাদিক কায়েম জয় বা পরাজয় নয় শিক্ষার্থীরাই বিজয়ী

ডাকসু নির্বাচনে জয়ী সাদিক কায়েম জয় বা পরাজয় নয় শিক্ষার্থীরাই বিজয়ী

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী হওয়া সাদিক কায়েম বলেছেন, এখানে জয় বা পরাজয় নেই, বরং শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে।

ডাকসু নির্বাচন ২০২৫-এ শিবির সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, মহান মুক্তিযুদ্ধের শহীদ, ৯০-এর শহীদ, আবরার ফাহাদ ও ছাত্রলীগ নির্যাতিতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তিনি বলেন, “আমার দায়িত্ব শুধুমাত্র ভিপি হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের ভাই হিসেবে পরিচয় দেওয়া।”

সাদিক কায়েম আরও বলেন, নির্বাচন আয়োজনের জন্য শিক্ষার্থীরা রাতদিন পরিশ্রম করেছেন। “যে ধর্মের, মতের বা পথের হোক না কেন—সবাই একসাথে এগিয়ে যাবো। ঢাবিকে পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলবো এবং নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করবো। শিক্ষার্থীদের চাওয়াই আমাদের চাওয়া।”

ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ হোসেন জানান, এই বিজয় সকল ঢাবি শিক্ষার্থীর। “এটি আমাদের বিশাল আমানতের রক্ষা। কোনও ভুল হলে তা আমাকে জানাতে হবে। বিজয় মিছিলে অংশ নেওয়া হবে না। এটি আমাদের দায়িত্বের পরীক্ষা।”

সাদিক কায়েম বলেন, “স্বপ্নের ক্যাম্পাস তৈরি না হওয়া পর্যন্ত লড়াই চলবে। যারা নির্বাচনে অংশ নিয়েছে, তারা প্রত্যেকেই একজন উপদেষ্টা। জুলাই বিপ্লব ঢাবি থেকে শুরু হয়েছে, এখান থেকেই দেশের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের লড়াই চালানো হবে।”