কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার (১০ সেপ্টেম্বর) রিয়াদে শুরা কাউন্সিলের সভায় এই মন্তব্য করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি তেলআবিবের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের আহ্বান জানান এবং কাতারের প্রতি সৌদি আরবের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
মোহাম্মদ বিন সালমান বলেন, “ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাই। এ ধরনের আগ্রাসন বন্ধ করতে আরব, ইসলামিক ও আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি। এতে দখলদার শক্তিকে থামিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।”
অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি পুরো পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই। এটি গাজায় শান্তি আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চিত করতে পারে।”
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের অবস্থানরত এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী ১২টি বিমান হামলা চালায়। ইসরায়েলি শিন বেত নিরাপত্তা সংস্থার সহায়তায় এই হামলা পরিচালিত হয়। কাতার সরকার এই হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ হিসেবে আখ্যায়িত করেছে।
হামলাটি এমন সময় ঘটে যখন কয়েকদিন আগে ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দেন। হুমকির কয়েক ঘণ্টা পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন, দেশটি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।
