জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের মন মাতিয়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি কনসার্টে তিনি জানালেন, ধীরে ধীরে মিউজিক ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন।
কনসার্টে উপস্থিত ভক্তদের উদ্দেশে তাহসান বলেন,
“এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?”
তাহসান আরও জানান, তিনি ইতোমধ্যেই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করেছেন। এই ঘোষণার পর তার ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট খুঁজে পাওয়া যায়নি।
যদিও তিনি সরাসরি “অবসর” শব্দটি ব্যবহার করেননি, তথাপি ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে সংগীত জগতে তার নিয়মিত উপস্থিতি দেখা যাবে না।
তাহসানের সংগীত জীবন শুরু হয় ২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মাধ্যমে। এর আগে ১৯৯৮ সালে তিনি ব্যান্ড ‘ব্ল্যাক’ এর সঙ্গে যোগ দিয়ে জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। ২০১২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ড।
তার নিজস্ব স্টুডিও ‘কৃত্যদাসের আবাসে’ রয়েছে। ‘চোখে চোখে কথা হতো’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’, ‘আলো’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কতদূর’, ‘প্রেম তুমি’ ইত্যাদি গান আজও ভক্তদের হৃদয়ে দোলা দেয়।
