বাংলাদেশি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টায় পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া মানাসলু জয় করেছেন। চূড়ায় পৌঁছে তিনি বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেশের গৌরব বৃদ্ধি করেন।
এই অভিযানের আয়োজক আল্টিটুইড হান্টারের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান শামীম বিষয়টি নিশ্চিত করেন।
তৌফিক ১ সেপ্টেম্বর মানাসলু জয়ের লক্ষ্যে রওনা দেন। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাকে জাতীয় পতাকা তুলে দেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার।
গত ১৪ বছর ধরে দেশ-বিদেশে নিয়মিত ট্রেকিং ও উচ্চ পর্বতারোহণের সঙ্গে যুক্ত তৌফিক ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক ও উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি ইতোমধ্যেই ৫০০০–৬০০০ মিটার উচ্চতার সাতটি পর্বত এবং ৬৫০০ মিটার উচ্চতার দুটি পর্বত জয় করেছেন। উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে প্রথম বাংলাদেশি হিসেবে শীতকালীন থার্পু চুল্লি জয়, ভাগীরথী-২ (৬৫১২ মিটার) জয়, এবং গত বছর মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার) জয়।
‘মানাসলু’ নেপালের পশ্চিম-মধ্য হিমালয়ের মানসিরি হিমালে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট) উচ্চতা বিশিষ্ট। এটি বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে চতুর্থ। প্রথম আরোহণ করেন তোশিও ইমানিশি ও গ্যালজেন নরবু ১৯৫৬ সালে, এরপর ১৯৭১ ও ১৯৯৭ সালে জাপানি ও মার্কিন পর্বতারোহীরা এ পর্বত জয় করেন।
