মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলায় কমপক্ষে ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
এদিন ইসরায়েলি বাহিনী ৯৩টি বিমান হামলা চালায়। এর মধ্যে শুধু গাজা সিটিতে ৪৭ জন প্রাণ হারান। গাজার জরুরি পরিষেবা বিভাগের টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুই মাস থেকে আট বছর বয়সী সাতটি শিশুও রয়েছেন।
ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমি দেরি মেনে নেব না, এমন কোনো ফলাফলও মেনে নেব না যেখানে গাজা আবার হুমকি হয়ে দাঁড়ায়। এটি দ্রুত শেষ করা হবে—সবার সঙ্গে ন্যায্য আচরণ করা হবে।”
অন্যদিকে, হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল দাবি করছে তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমিয়েছে, কিন্তু বাস্তবে হামলা বেশি বেড়েছে। হামাস এটিকে ‘রক্তক্ষয়ী আগ্রাসন’ বলে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের রক্ষা, ত্রাণ সহায়তা জোরদার ও ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।
এই পরিস্থিতিতে মিশর ঘোষণা দিয়েছে, সোমবার কায়রোতে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
