রাজধানীতে দুই বাসে অগ্নিসংযোগ, বাড্ডা ও গুলশানে আতঙ্ক

রাজধানীতে দুই বাসে অগ্নিসংযোগ, বাড্ডা ও গুলশানে আতঙ্ক

জাতীয়

ঢাকায় পৃথক দুটি স্থানে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে রাজধানীর বাড্ডা ও গুলশান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম ঘটনাটি ঘটে বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। সেখানে দুর্বৃত্তরা ‘আকাশ এন্টারপ্রাইজ’ নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।

অপরদিকে, একই সময় গুলশান থানাধীন শাহজাদপুর বাঁশতলা এলাকায় ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাস দুটিই আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন দেওয়ার পর বাড্ডা সড়কে যান চলাচলে বিশৃঙ্খলা দেখা দেয় এবং সাময়িক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে বাস দুটি সরিয়ে নেয়।

পুলিশ জানায়, অগ্নিসংযোগে জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।