যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ২২ নভেম্বর আইডিএফের চালানো ধারাবাহিক হামলায় শিশুসহ কমপক্ষে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দফায় দফায় চালানো এসব বিমান হামলায় টার্গেট করা হয়েছে গাড়ি, আশ্রয়কেন্দ্র, আবাসিক ভবনসহ বেসামরিক স্থাপনা। গাজা সিটি, দেইর আল বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালানো হয়।
এর মধ্যে শুধু গাজা সিটিতেই ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। দেইর আল বালাহ এলাকায় একটি বাড়িতে হামলার পর বিস্ফোরণে তিনজন প্রাণ হারান। নুসেইরাত শরণার্থী শিবিরেও আবাসিক ভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়।
তেলআবিব দাবি করেছে, হামাস সদস্যরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানোয় তারা পাল্টা অভিযান পরিচালনা করেছে। হামাসের পাঁচজন সিনিয়র নেতাকে হত্যার দাবিও করেছে ইসরায়েল।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এসব হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৪২ জন ফিলিস্তিনি।
