মা হতে চান রিয়া, বিয়ে নিয়ে মাথা ব্যথা নেই অভিনেত্রীর!

মা হতে চান রিয়া, বিয়ে নিয়ে মাথা ব্যথা নেই অভিনেত্রীর!

বিনোদন

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী সম্প্রতি মাতৃত্ব ও ব্যক্তিগত জীবনের বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। বিয়ে এবং মাতৃত্ব নিয়ে সামাজিক প্রত্যাশা ও চাপের প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মা হতে তিনি প্রস্তুত থাকলেও বিয়ে নিয়ে কোনো উদ্বেগ নেই।

নিজের পডকাস্টে রিয়া চক্রবর্তী জানিয়েছেন, ৩৩ বছর বয়সে এসে তিনি এগ ফ্রিজিং বা ডিম্বাণু সংরক্ষণের বিষয়টি ভাবছেন। তিনি বলেন,
“আমি সম্প্রতি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেছি। আমিও এগ ফ্রিজিং করব।”

মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন ও শরীরের দ্বন্দ্বের কথাও তুলে ধরেছেন রিয়া। তিনি বলেন, “আমাদের শরীরের ঘড়ি কখনো কখনো বলে ‘তুমি বাচ্চা নাও’, কিন্তু মন বলে, ‘তুমি এখনো নিজে বাচ্চা। তোমার নিজের ব্র্যান্ড আছে, ব্যবসা আছে। আবার বাচ্চাও সামলাতে হবে।’”

বিয়ে নিয়ে সমাজের চাপ প্রসঙ্গে রিয়া বলেছেন, “আমি বিয়ের জন্য কোনো সঠিক বয়সে বিশ্বাসী নই। বিয়ে করার অনেক সময় আছে।”

উল্লেখ্য, রিয়া চক্রবর্তী ২০০৯ সালে একজন জনপ্রিয় এমটিভি ভিজে হিসেবে বিনোদন জগতে পা রেখেছিলেন। ব্যক্তিগত জীবনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর সঙ্গে সম্পর্কের কারণে তিনি দীর্ঘ সময় আলোচনার কেন্দ্রে ছিলেন। বর্তমানে তিনি নিজের নতুন জীবনের দিকে মনোযোগ দিচ্ছেন।