সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া শিশুশিল্পী সিমরিন লুবাবা অভিনয় ও মডেলিং জগতে পরিচিত মুখ হলেও এবার মিডিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদেরের নাতনি লুবাবা খুব অল্প বয়সেই দাদার অনুপ্রেরণায় ক্যামেরার সামনে দাঁড়ান এবং শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান।
তবে এখন আর অভিনয় কিংবা মিডিয়ায় নিয়মিত কাজ করবেন না লুবাবা। ইতোমধ্যে নেকাব পরা শুরু করেছেন তিনি এবং মুখ দেখিয়ে আর কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে লুবাবার মা জাহিদা ইসলাম জেমি কালের কণ্ঠকে জানান, ভবিষ্যতে সামাজিক মাধ্যমে যদি কোনো প্রচারণামূলক কাজে যুক্ত হন, সেটিও নেকাব পরেই করবেন লুবাবা।
শনিবার দুপুরে জেমি বলেন, “লুবাবা নিজ উপলব্ধি থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে। সে মনে করেছে, এখন আর মিডিয়ায় কাজ করা তার জন্য উপযুক্ত নয়। ধর্মীয় বই পড়তে পড়তেই তার মধ্যে জীবনধারায় পরিবর্তনের ভাবনা এসেছে।”
তিনি আরও জানান, লুবাবা ইতোমধ্যে কোরআন খতম করেছে এবং নিয়মিত হাদিসসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করছে। এসব অধ্যয়ন থেকেই তার মানসিক পরিবর্তন এসেছে বলে পরিবারের ধারণা।
এছাড়া আগামী রমজানে ওমরাহ পালনের জন্য মক্কায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে লুবাবার। পরিবারের পক্ষ থেকে তার এই সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে বলে জানান তার মা।
