বলিউডের মিষ্টিকন্যা শ্রদ্ধা কাপুর এবার কি সিঙ্গেল লাইফকে বিদায় দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? সম্প্রতি বি-টাউনে তার বিয়ের গুঞ্জন তুঙ্গে। বিশেষ করে পাত্র হিসেবে বারবার চিত্রনাট্যকার ও লেখক রাহুল মোদি-এর নাম উঠে আসছে।
দীর্ঘদিন ধরেই শ্রদ্ধা এবং রাহুলের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা চলছেই। কখনো বিমানে পাশাপাশি যাত্রা করা, আবার কখনো রাজকীয় বিয়ের অনুষ্ঠানে একই ফ্রেমে ধরা পড়ার খবর তাদের রসায়ন নিয়ে ভক্তদের কৌতূহলের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, যদিও শ্রদ্ধা ও রাহুল নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেন না, তবে ঘন ঘন একসাথে দেখা যাওয়াই অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে। এমনকি এবার শ্রদ্ধা কাপুর সম্পর্ককে একটি স্থায়ী পরিণতি দিতে চাইছেন।
এর আগে আদিত্য রায় কাপুর এবং ফারহান আখতার-এর সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। বিশেষ করে ফারহানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শক্তি কাপুরের আপত্তি থাকায় সম্পর্কটি শেষ হয়।
কিন্তু রাহুল মোদির ক্ষেত্রে পরিস্থিতি ইতিবাচক। খবর অনুযায়ী, রাহুলকে কাপুর পরিবারও পছন্দ করেন। পরিবারের সমর্থন থাকায় বিয়ের পথে আর কোনো বাধা নেই শ্রদ্ধার জন্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি বিয়ের প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, “বিয়ে তো করবই।” এই সংক্ষিপ্ত মন্তব্য থেকেই অনুরাগীরা মনে করছেন, তার বিয়ের দিন ঠিকই খুব কাছে।
