নরসিংদীতে যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

নরসিংদীতে যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

ঢাকা দেশ জুড়ে

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নরসিংদী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে আয়োজিত নারী উদ্যোক্তা মেলা থেকে মাহিয়া মনিকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর পার্কে অভিযান চালিয়ে মাহিয়া মনিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মাহিয়া মনি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম এবং আওয়ামী লীগের প্রচার ও সরকারবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, মাহিয়া মনি ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার আসামি। এ ছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি দায়ের করা আরও একটি মামলাতেও তিনি আসামি হিসেবে রয়েছেন।

গ্রেপ্তারের পর রোববার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।