সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ জিতে আজ দেশে ফিরছে বাংলাদেশের নারী ফুটসাল দল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় অধিনায়ক সাবিনা খাতুনদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
থাইল্যান্ডে প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। এই ঐতিহাসিক সাফল্য উদযাপনে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন ফুটসাল দলকে হাতিরঝিলে নিয়ে আসা হবে। সেখানে রাতে আয়োজন করা হবে গ্র্যান্ড রিসিপশন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ক্রীড়া সচিব। অনুষ্ঠান শেষে জলসিড়িতে নৈশভোজের আয়োজন রাখা হয়েছে। এরপর গুলশানের একটি হোটেলে অবস্থান করবেন চ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ ছয় ম্যাচে ১৬ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে ভুটান।
