ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

অর্থনীতি

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। এবার প্রতি ভরিতে দাম বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ৮২ টাকা। নতুন দরে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানায়, নতুন এই মূল্য রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। এর আগে একই দিনে সকালে সোনার দাম কমানো হয়েছিল। তখন ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সোনার দামে এই নতুন সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা। সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এদিকে সোনার বিপরীতে রুপার দামে কিছুটা হ্রাস এসেছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা এবং ১৮ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৯ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩২ টাকা।