প্রবাসী ভোটারদের মধ্যে পোস্টাল ভোটে ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬১ হাজার ৬০৪ জন

প্রবাসী ভোটারদের মধ্যে পোস্টাল ভোটে ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬১ হাজার ৬০৪ জন

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের মধ্যে ৪ লাখ ৬১ হাজার ৬০৪ জন ইতোমধ্যেই তাদের ভোট প্রদান করেছেন।

রবিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২০ হাজার ৫০১ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন।

ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬১ হাজার ৬০৪ জন প্রবাসী ভোটার। এছাড়া, ৪ লাখ ১৫ হাজার ৭৬২ জন ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে ৫ লাখ ৮০ হাজার ৯৬৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ইতিমধ্যেই ব্যালট পৌঁছেছে।

ইসির তথ্য অনুযায়ী, দেশের অভ্যন্তরে ২৪ হাজার ৯১ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ১৭ হাজার ৫৩ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ৯ হাজার ৮৪৩ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

সালীম আহমাদ খান আরও জানিয়েছেন, দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।