ভোট দেওয়ার আগে জেনে নিতে হবে যেসব তথ্য

ভোট দেওয়ার আগে জেনে নিতে হবে যেসব তথ্য

জাতীয়

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী প্রচারণা শেষ হলেও ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ভোট দিতে গেলে কিছু তথ্য আগে থেকে জানা থাকলে ঝামেলা কমে। ভোটাররা তাদের কেন্দ্র এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর জানলে সময় বাঁচবে এবং ভোট দেওয়ার সময় কোনো বিভ্রান্তি হবে না।

ভোটগ্রহণ হবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটাররা ‘Smart Election Management BD’ অ্যাপ ব্যবহার করে বা ১০৫ নম্বরে কল করে কেন্দ্র ও ক্রমিক নম্বর জেনে নিতে পারেন। এছাড়া এসএমএসের মাধ্যমেও তথ্য জানা সম্ভব। ভোট দিতে গেলে জাতীয় পরিচয়পত্র থাকলে সুবিধা হয়, তবে বাধ্যতামূলক নয়। ভোটকেন্দ্রে কোনো ধরনের দাহ্য পদার্থ বা অস্ত্র সঙ্গে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

ভোটকক্ষে পৌঁছালে প্রথমে ভোটারের নাম ও ক্রমিক নম্বর যাচাই করা হয়। এরপর ভোটারের আঙুলে কালির দাগ দেওয়া হয় এবং দুইটি ব্যালট পেপার দেয়া হয়। ভোট গোপন কক্ষে দেই, ব্যালটের পেছনে অফিসিয়াল সিল ও প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কিনা দেখে, রাবার স্ট্যাম্প দিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকে সিল করতে হবে। গণভোটে হ্যাঁ বা না আলাদা ব্যালটে সিল দেওয়া হয়। ব্যালট ভাঁজ করে নির্ধারিত সচ্ছ ব্যালট বাক্সে ফেলা উচিত। ভোট দেওয়ার পর দ্রুত কেন্দ্র ত্যাগ করা উচিৎ।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে না। ভোট সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে হবে, অর্থাৎ কাগজের ব্যালট ও ব্যালট বাক্সে। দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ১ হাজার ২৩২। এই নির্বাচনে অংশগ্রহণ করছে ৫১টি রাজনৈতিক দল এবং মোট প্রার্থী ২,০৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৭৯।

ভোটাররা যদি সব নিয়ম মেনে ভোট দেন, তাহলে ভোট প্রদান সহজ ও ঝামেলাহীন হবে।