জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার মাথায় টিউমার ধরা পড়ে এবং আজ রাতের দিকে রাজধানীর একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান খান।
তানিয়া বৃষ্টির অফিসিয়াল ফেসবুক পেজে (অ্যাডমিন পোস্ট) জানানো হয়, ‘আমাদের প্রিয় তানিয়া বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করা হচ্ছে শুটিং বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ নিজেই সবাইকে জানাবে।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) হাসপাতালের বেডে বসা একটি ছবি পোস্ট করে তানিয়া লিখেছিলেন, ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’
নির্মাতা রায়হান খান জানান, ‘বেশ কিছুদিন ধরেই তানিয়া শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন। মাঝে মাঝে তীব্র মাথাব্যথা ও জ্বর-ঠান্ডা লাগত। পরীক্ষা-নিরীক্ষার পর ব্রেন টিউমারের বিষয়টি জানা যায়। আজ তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতটা পোস্ট অপারেটিভে রাখা হবে এবং সোমবার যেকোনো সময় তাকে কেবিনে নেওয়া হতে পারে।’
