তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় ১২শ অতিথি থাকবেন

তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় ১২শ অতিথি থাকবেন

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ও তারেক রহমান–এর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় ১২০০ অতিথি থাকবেন। সোমবার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসারও উপস্থিত থাকবেন। যুক্তরাজ্য থেকে ভারত–প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ নেবেন এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন।

দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।