প্রায় তিন দশক আগে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমা এখনও দর্শকদের মনে তাজা। ছবিতে শাহরুখ খানকে সঙ্গে পেয়েছিলেন কাজল ও রানী মুখার্জি। তবে সম্প্রতি জানা গেছে, রানী মুখার্জির চরিত্রে প্রথমে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন রাভিনা ট্যান্ডন।
নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, চরিত্রটি তিনি নিতে পারেননি ব্যক্তিগত কারণে নয়, বরং পেশাগত সিদ্ধান্তের কারণে। সে সময় রাভিনা ‘মোহরা’ সিনেমার সাফল্যের পর প্রধান নায়িকা হিসেবে নিজের অবস্থান দৃঢ় করতে চাচ্ছিলেন।
তিনি বলেন, “করণ আমার খুব কাছের বন্ধু। আমি ছবিটি করতে চাইতাম, কিন্তু তখন আমার ক্যারিয়ারের অবস্থানকে ধরে রাখতে দ্বিতীয় নায়িকার ভূমিকায় ফিরতে পারিনি। তখন নিজের ক্যারিয়ারের জন্য তা সঠিক সিদ্ধান্ত ছিল।”
রাভিনা আরও জানিয়েছেন, চরিত্রটি পরবর্তীতে রানী মুখার্জির জন্য যথাযথ ছিল। রানী তখন নতুন মুখ, এবং ছবিটি তার ক্যারিয়ারে বড় মোড় এনেছে। নব্বইয়ের দশকে রাভিনা অনেক ‘স্পেশাল ড্যান্স নাম্বার’ ফিরিয়ে দিয়েছিলেন, কারণ টাইপকাস্ট হওয়ার আশঙ্কা ছিল।
অভিনেত্রী শিগগিরই পর্দায় দেখা যাবে আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ।
