বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিমান যোগাযোগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধি, বিমানবন্দর উন্নয়ন এবং বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বিমানমন্ত্রী দেশের প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে ঢাকা-রোম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ইতালির রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করে। ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
এ সময় তিনি ইতালীয় প্রতিষ্ঠান ‘দ্য এজ কোম্পানি’র পক্ষ থেকে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে ‘বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম’ (বিসিএমএস) চালুর আগ্রহের কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশি টেকনিশিয়ানদের দক্ষতা উন্নয়নে ‘ফ্লাইঅন অ্যারো কোম্পানি’র উদ্যোগে একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার বিষয়েও আলোচনা করেন। বিমানমন্ত্রী দেশের বিমান খাতের আধুনিকায়ন ও উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বিমানবন্দর সম্প্রসারণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়েও আলোচনা হয়।
এর আগে মন্ত্রী ‘স্যাটস কোম্পানি’র প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান মন্ত্রী এবং তা বিবেচনার আশ্বাস দেন।
