স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান দেখিয়ে সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রধান বিরোধী দলকে তাদের মনোনীত প্রার্থীর নাম চূড়ান্ত করতে বলা হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে সমঝোতা হয়েছে, সেটিকে বাস্তবায়নের প্রক্রিয়া এখন থেকেই শুরু করতে চায় সরকার। তাঁর ভাষ্য অনুযায়ী, ডেপুটি স্পিকার নির্বাচন স্পিকার নির্বাচনের দিনই একই সঙ্গে সম্পন্ন করা যেতে পারে।
তিনি আরও জানান, দলের পক্ষ থেকে বিরোধী দলকে মৌখিক ও সরাসরি সাক্ষাতে প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে তারা ডেপুটি স্পিকারের জন্য উপযুক্ত প্রার্থীর নাম নির্ধারণ করে।
