ঈদের ছুটি বাড়বে কি না, সিদ্ধান্ত আজ

ঈদের ছুটি বাড়বে কি না, সিদ্ধান্ত আজ

জাতীয়

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব উপস্থাপন করা হবে। প্রস্তাবটি অনুমোদিত হলে ঈদ উপলক্ষে মোট ছুটি সাত দিনে পৌঁছাতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যেই ঈদের পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করেছে। এতে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটি থাকবে।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি হিসেবে থাকবে। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশ অনুযায়ী ছুটি রাখা হয়েছে।

যদি ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হয়, তাহলে ঈদের আগের ছুটি চার দিনে পৌঁছাবে। ১৭ মার্চ শবেকদরের ছুটি থাকায়, এ পরিস্থিতিতে ঈদের দিন ও পরবর্তী দুই দিনের ছুটি মিলিয়ে মোট সাত দিনের ছুটি পাওয়া যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ১৮ মার্চ ছুটি প্রসঙ্গে প্রস্তাবটি আজ মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।