হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৮৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৮৭

জাতীয়

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছে।

এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ৯৮০ জনের শরীরে। ফলে চলতি বছর মোট সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের তথ্য সংগ্রহ করছে।