মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া ভিডিও প্রকাশের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জরুরি বিচারের নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার বিভ্রান্তিকর ও মিথ্যা ভিডিও ক্লিপ প্রকাশ করেছিলেন, যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে।
তদন্তে জানা গেছে, এসব ভিডিওতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হামলা প্রতিরোধের দৃশ্য, মাটিতে পড়ে থাকা ক্ষেপণাস্ত্র, জনসমাগম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা বিস্ফোরণ ও হামলার ভুয়া দৃশ্য দেখানো হয়েছে। কিছু ভিডিওতে শিশুদের আবেগ ব্যবহার করে নিরাপত্তা হুমকি আছে এমন ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। এছাড়া কিছু ভিডিওতে বিদেশে ঘটে যাওয়া ঘটনার দৃশ্যকে সংযুক্ত আরব আমিরাতের ঘটনা বলে দাবি করা হয়েছে।
দেশটির পাবলিক প্রসিকিউশন ইতোমধ্যে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাদের কারাগারে রাখার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল মাধ্যম বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো কিংবা দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বিপন্ন করার কোনো চেষ্টা সহ্য করা হবে না।
প্রকাশিত তথ্যানুযায়ী, গ্রেফতারদের মধ্যে একজন মিশর, একজন ফিলিপাইন, একজন ভিয়েতনাম, একজন পাকিস্তান, একজন ইরান, একজন বাংলাদেশ, একজন ক্যামেরুন, একজন নেপাল এবং দুইজন ভারতের নাগরিক রয়েছেন।
