বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগে মিলল বিদেশি সিগারেট, অতঃপর...

বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগে মিলল বিদেশি সিগারেট, অতঃপর…

চট্টগ্রাম দেশ জুড়ে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ের শারজাহ থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

জব্দকৃত সিগারেটের মাধ্যমে সরকারের রাজস্বের ক্ষতি প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা হওয়ার কথা জানানো হয়েছে। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিমানবন্দরের এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। আটককৃত দুই যাত্রী হলেন—চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা হাসান মিয়া এবং কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমুল করিম।

বিমানবন্দর সূত্র জানায়, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট G9-523 যোগে আসা যাত্রীদের বিষয়ে আগে থেকেই গোপন তথ্য ছিল। তারা কাস্টমস হল অতিক্রম করার সময় সন্দেহভাজন হিসেবে গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে মোট ৪২৯ কার্টন ‘মন্ড’ (Mond) ব্র্যান্ডের বিদেশি সিগারেট পাওয়া যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত সিগারেটগুলো ‘ডিপার্টমেন্টাল মেমোরান্ডা’ (DM) মাধ্যমে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট যাত্রীদের মৌখিক সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের প্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই ও কাস্টমসসহ সংশ্লিষ্ট সংস্থার কড়া নজরদারি অব্যাহত থাকবে।