বাংলাদেশে দেখা যাবে আইপিএল

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

খেলাধুলা

নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। তবে কেবল অপারেটররা আইপিএল সম্প্রচার করলে তাতে বাধা দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ফলে বাংলাদেশি কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার না করলেও দর্শকরা স্টার স্পোর্টসের মাধ্যমে আইপিএলের খেলা দেখতে পারবেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমানে দেশের বাইরে থাকায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, তথ্যমন্ত্রী দেশে ফিরলে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, খেলাধুলা নিয়ে কোনো রাজনৈতিক অবস্থান নিতে চায় না সরকার। তিনি বলেন, কোনো দেশীয় চ্যানেল আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচারের বিষয়টি নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে মৌখিক আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে চাননি সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ভারতীয় সরকারের হস্তক্ষেপে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর গত ৫ জানুয়ারি দেশে এই টুর্নামেন্ট সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।