ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সাংবাদিকদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৯ মার্চ) রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ার একটি কবরস্থানে তাদের দাফন করা হয়।
জানাজায় অংশ নিতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। শোকাহত স্বজন ও সহকর্মীরা কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানান এবং নিহতদের স্মরণ করেন।
উল্লেখ্য, শনিবার (২৮ মার্চ) দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিকসহ নয়জন প্যারামেডিক নিহত হন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জেজিন সড়কে সাংবাদিকদের বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আল-মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফতৌনি ও তার ভাই ও সহকর্মী মোহাম্মদ ফতৌনি নিহত হন। একই হামলায় আল-মানারের সাংবাদিক আলি শুয়াইবও প্রাণ হারান।
