ইরান থেকে ইউরেনিয়াম ছিনিয়ে আনার পরিকল্পনা করছেন ট্রাম্প

ইরান থেকে ইউরেনিয়াম ছিনিয়ে আনার পরিকল্পনা করছেন ট্রাম্প

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের জন্য একটি সামরিক অভিযান বিবেচনা করছেন বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য এই অভিযানে মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে অবস্থান করতে হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে পরিকল্পনাটির প্রতি তিনি ইতিবাচক মনোভাব পোষণ করছেন। তার ধারণা, এমন পদক্ষেপ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে সহায়ক হতে পারে।

এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ইসফাহান পারমাণবিক স্থাপনায় মজুত ইউরেনিয়াম জব্দের কাজে ব্যবহার করা হতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালী রক্ষা এবং খার্গ দ্বীপ দখলের মতো কৌশলগত পদক্ষেপও বিবেচনায় রয়েছে।

এর আগে একই সংবাদমাধ্যম জানায়, ইসফাহানের একটি পাহাড়ের গভীরে সংরক্ষিত প্রায় বোমা তৈরির উপযোগী পারমাণবিক উপাদান ধ্বংসের বিষয়েও ট্রাম্প প্রশাসন ভাবছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো সতর্ক করে বলেছে, এ ধরনের সামরিক অভিযান অত্যন্ত জটিল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ হতে পারে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এমন কোনো পদক্ষেপ বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।