স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বক্তব্য দেওয়ার সময় বারবার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।” এ সময় মিলনায়তনে উপস্থিত সবাই করতালি দেন।
সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রশংসা করি নাই, যতটুকু আপনি বলতেছেন সামান্য বলেছি।”
আজ শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সম্মেলনে এ ঘটনা ঘটে।
বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে। মানবসেবাকে কেন্দ্র করে কাজ করতে হবে। তিনি বলেন, সরকার প্রধান জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, যার মাধ্যমে স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার দীর্ঘ সময়ের রাজনৈতিক অভিজ্ঞতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রীর ধারাবাহিক প্রচেষ্টার ফলেই তিনি এযাবতকালের অন্যতম সফল রাজনৈতিক নেতৃত্ব হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
তিনি আরও জানান, সরকার গ্রাম পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে আগ্রহী। তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, মাঠপর্যায়ের চিকিৎসকদের বিকল্প নেই। তাই তাদের কাজের পরিবেশ উন্নত করা এবং সমন্বয় বাড়ানো সরকারের অগ্রাধিকার।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের সেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
