ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে প্যারিস-এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের মেনিলমোঁতাঁ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
ফিলিস্তিন, লেবানন ও ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কথিত যৌথ আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে ফ্রান্সে বসবাসরত আরব, আফ্রিকান ও ইউরোপীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেন। পাশাপাশি স্থানীয় ফরাসি নাগরিকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন সংস্কৃতির মানুষের অংশগ্রহণে সমাবেশটি বহুমাত্রিক রূপ নেয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে জোরালো স্লোগান দেন এবং মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানান। অংশগ্রহণকারীদের অনেকের হাতে ছিল ফিলিস্তিন-এর পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড। সেগুলোতে মানবাধিকার রক্ষা, যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি তুলে ধরা হয়।
‘শান্তি চাই’, ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’ এবং ‘যুদ্ধ বন্ধ করো’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে বক্তারা বলেন, চলমান সংঘাতে নিরীহ মানুষের জীবন ও মৌলিক মানবাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান, যাতে সহিংসতা বন্ধ করে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের পথ তৈরি হয়।
কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও নিরাপত্তা নিশ্চিতে এলাকাজুড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় ইউরোপের বিভিন্ন শহরের মতো প্যারিসেও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এ ধরনের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
