স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার দেশ। দুই দেশের মধ্যে নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত সহযোগিতার সুযোগ রয়েছে।

তিনি বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ কারণে বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার করতে চায়।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূতও নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত বলেন, ইতালি দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহী। তিনি জানান, ইতালি সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে কাজ করছে। অভিবাসন ইস্যুটি ইতালির অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

তিনি আরও জানান, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে। এতে নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সহজ হবে এবং অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন দ্রুত করা যাবে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ অভিবাসন, শ্রমবাজার এবং দক্ষ কর্মী প্রেরণ বিষয়ে যৌথ কর্মগ্রুপের সভা গত বছরের জুলাইয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী সভা ইতালিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সাক্ষাৎকালে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রীকে অভিনন্দনপত্র প্রদান করা হয় এবং ইতালি সফরের আমন্ত্রণ জানানো হয়। মন্ত্রীও সুবিধাজনক সময়ে ইতালি সফরের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।