হরমুজ প্রণালিতে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে একটি মাইনসুইপার জাহাজ ভূমধ্যসাগরে পাঠাচ্ছে জার্মানি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন বলে শনিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
জার্মান সংবাদপত্র রেনিশ পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বরিস পিস্টোরিয়াস জানান, মাইনসুইপার জাহাজটির সঙ্গে একটি কমান্ড ও সরবরাহ জাহাজও মোতায়েন করা হবে। তবে এ মোতায়েন কবে কার্যকর হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা তিনি উল্লেখ করেননি।
ডিপিএ সংবাদ সংস্থা জানায়, সম্ভাব্য এই অভিযানের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি, আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ কাঠামো নিশ্চিত করা এবং জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগের অনুমোদন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ন্যাটো জোটের মিত্র দেশগুলোর সমালোচনা করে বলেছেন, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী অবস্থানে যথেষ্ট সহযোগিতা করছে না।
প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস বলেন, মাইন অপসারণ কার্যক্রমে ন্যাটোর মধ্যে জার্মানি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এ ক্ষেত্রেও তাদের সক্ষমতা কাজে লাগানো হবে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক সামরিক কূটনীতিতে জার্মানির সক্রিয় ভূমিকার ইঙ্গিত বহন করে।
